আন্তর্জাতিক, ভারত

ভারতে আইসিইউ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের গুয়াহাটির একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিইউ কক্ষ থেকে ডা. প্রয়াশ সিংহল নামের এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত প্রায় ছয় বছর ধরে ডা. প্রয়াশ ওই হাসপাতালে কর্মরত ছিলেন এবং নিউরোলজি আইসিইউতে দায়িত্ব পালন করছিলেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার রাত দশটার দিকে ডা. প্রয়াশ হাসপাতালে আসেন। রাতে তিনি পেটে ব্যথা ও বমির কথা জানিয়ে নার্সিং স্টাফদের কাছ থেকে ওষুধ চান। সে অনুযায়ী তাকে প্রয়োজনীয় ওষুধ ও একটি ইনজেকশন দেওয়া হয়।

 

এরপর তিনি চিকিৎসকদের কক্ষে চলে যান এবং সেখানে তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে বুধবার ভোর চারটার দিকে হাসপাতালের কর্মীরা আইসিইউ কক্ষের ভেতরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. বড়ুয়া জানান, এই মুহূর্তে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, সে বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো প্রিামাচিউর বা বোকামি হবে। পুলিশি তদন্ত, ময়নাতদন্ত এবং ফরেনসিক প্রতিবেদনের পরই কেবল প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে তিনি উল্লেখ করেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন