রিলের ভিডিও নিতে পানির ট্যাংকিতে

ভারতে আটকে পড়া ৫ কিশোরকে ১৬ ঘণ্টা পর বিমান বাহিনীর হেলিকপ্টারে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় একটি পরিত্যক্ত পানির ট্যাংকের চূড়ায় দীর্ঘ ১৬ ঘণ্টা আটকে থাকার পর দুই কিশোরকে উদ্ধার করেছে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও বা 'রিল' বানাতে গিয়ে এই ভয়াবহ বিপত্তিতে পড়ে তারা।

জানা গেছে, দুপুর ১টার দিকে পাঁচজন কিশোর রিল বানানোর উদ্দেশ্যে ওই উঁচু পানির ট্যাংকে ওঠে। কিন্তু ট্যাংকের জরাজীর্ণ সিঁড়ি হঠাৎ ভেঙে গেলে তিন কিশোর নিচে পড়ে যায়। এই ঘটনায় সিদ্ধার্থ নামের এক কিশোর প্রাণ হারায়। আহত অপর দুই কিশোর শনি ও গোলুকে উদ্ধার করে মাধব প্রসাদ ত্রিপাঠী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এদিকে সিঁড়ি ভেঙে যাওয়ায় পবন ও কাল্লু নামের বাকি দুই কিশোর ট্যাংকের একেবারে ওপরে আটকা পড়ে।

 

রাজ্য কর্তৃপক্ষের জরুরি অনুরোধে তাদের উদ্ধার অভিযানে সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে কানশিরাম আবাসিক কলোনিতে পৌঁছায় হেলিকপ্টারটি এবং মাত্র ১৫ মিনিটের এক দুঃসাহসিক অভিযানে ওই দুই কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে গোরক্ষপুরে নিয়ে যায়।

 

এর আগে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর সুবিধার্থে একটি বিকল্প রাস্তা তৈরির চেষ্টা করেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু রাত ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সেই কাজ ব্যাহত হয়। বিকল্প কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত সামরিক হেলিকপ্টারের সাহায্য চাওয়া হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, পানির ট্যাংকের সিঁড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কিশোররা সারা রাত সেখানে আটকে ছিল। বিপদের মুহূর্তে দ্রুত সাড়া দিয়ে জীবন বাঁচানোর ক্ষেত্রে আইএএফ-এর পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতিরই আরও একটি সফল দৃষ্টান্ত এই উদ্ধার অভিযান।

 

সূত্র: ndtv

আরও পড়ুন