ভারত

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বী জেলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার বিকেলে পিবরি থানা এলাকার মানোরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কারখানাটির পাশাপাশি আশপাশের ৫-৬টি বাড়িও ধোসে পড়ে এবং এলাকার উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের জেরে দিল্লি-হাওড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে প্রায় এক ঘণ্টা স্থগিত রাখা হয়। ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে যাওয়া আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনটি মানোরি স্টেশনে ফিরিয়ে নেওয়া হয় এবং দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে এক স্টেশন আগে সাইয়াদ সারওয়ান স্টেশনে থামিয়ে দেওয়া হয়। দুর্ঘটনাটি মানোরি বিমানঘাঁটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সংঘটিত হয়।

 

ঘটনার পরপরই কৌশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল, পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত এবং প্রয়াগরাজের আইজি অজয় মিশ্র ঘটনাস্থলে পৌঁছান। সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করে। এছাড়া প্রায় পঞ্চাশ জন বিমান বাহিনীর সদস্যও এই উদ্ধার অভিযানে সহায়তা করছেন।

 

উদ্ধার কাজে ডজনখানেক দমকল ইঞ্জিন এবং প্রায় দুই ডজন অ্যাম্বুলেন্স নিয়োজিত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ বা আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে পাঁচজন মারা যাওয়ার পর আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছে।

 

ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও প্রশাসনের উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরাও দ্রুত বিদ্যুৎ সংযোগ সচল করতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন