ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে 'অন্যান্য সকল ধর্মের চেয়ে শ্রেষ্ঠ' বলে মন্তব্য করায় তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে সনাতন হিন্দু ধর্মকে অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে মন্ত্রীর পদত্যাগ অথবা হিন্দু সম্প্রদায়ের কাছে তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে বিরোধী দল বিজেপি। দুর্নীতির অভিযোগে আরেক মন্ত্রীর পদত্যাগের মাত্র দুদিনের মাথায় রাজ্যটির মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভায় নতুন এই বিতর্কের সৃষ্টি হলো।
রবিবার (৩০ আগস্ট) কোপ্পাল জেলার কুকনুর শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাসবরাজ রায়ারেড্ডি এই মন্তব্য করেন। তিনি ইসলামকে একটি মহান, বিজ্ঞানভিত্তিক ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারাই কেবল এই ধর্ম নিয়ে ভুল ধারণা পোষণ করেন। মানবতার কথা দিয়ে শুরু হয় বলেই ইসলামকে অন্যান্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, তিনি নিজে খুব একটা মন্দির বা মঠে যান না, তবে বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে তার পড়াশোনা রয়েছে।
এই মন্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কর্ণাটক বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি আর অশোকা মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে এর কড়া জবাব চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মুখ্যমন্ত্রীর নিয়মিত মন্দির পরিদর্শনের বিষয়টিকে 'ক্যামেরার সামনের ভণ্ডামি' বলে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন তোলেন, মন্ত্রিসভার একজন সদস্য যখন সনাতন হিন্দু ধর্ম ও মন্দির নিয়ে এমন অবমাননাকর কথা বলছেন, তখন মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ রয়েছেন। অশোকা স্পষ্ট জানিয়ে দেন, মন্ত্রীকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে রাজ্যের সমস্ত হিন্দুর কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে।
বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও এই ঘটনার তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন যে, কংগ্রেস সরকার এবং তাদের মন্ত্রীরা কেবল নিজেদের ভোটব্যাংক তুষ্ট করার জন্যই এমন মন্তব্য করছেন। তিনি মন্ত্রীকে সতর্ক করে বলেন, বিশেষজ্ঞ না হয়ে ধর্ম নিয়ে এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন