আন্তর্জাতিক, ভারত

ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মেজর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজস্থানের জয়সলমের জেলায় সেনাবাহিনীর একটি এসইউভি ও উটের মুখোমুখি সংঘর্ষে মেজর হামজা আরিফ (২৬) নামের এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও সামরিক সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় সাড়ে ১২টার দিকে) জয়সলমের শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে থাইয়াত সেনা এলাকার ওয়ার মিউজিয়াম সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় তিন সেনা কর্মকর্তা একটি এসইউভি গাড়িতে করে সেনা ঘাঁটিতে ফিরছিলেন। খবর- এনডিটিভি

 

গাড়িটি চালাচ্ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনীর ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফ।  পথে হঠাৎ করেই একটি উট দ্রুতগতিতে সড়কের ওপর চলে আসে। আকস্মিক এই ঘটনায় চালক গাড়িটি নিয়ন্ত্রণের সময় না পাওয়ায় উটটির সঙ্গে এসইউভিটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই উটটিরও মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে সেনা সদস্য ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন কর্মকর্তাকে উদ্ধার করে নিকটস্থ থাইয়াত সেনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেজর হামজা আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  এই আকস্মিক দুর্ঘটনায় আহত অপর দুই সেনা কর্মকর্ত লেফটেন্যান্ট আয়ুষ্মান ও লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মেজর হামজা আরিফের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে। মাত্র এক মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের কিছুদিন পরই কর্মস্থলে ফিরেছিলেন এই তরুণ কর্মকর্তা। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও জয়সলমের সেনা ছাউনিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও সামরিক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।  

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন