বাংলাদেশ, জেলার সংবাদ

ভারতে কারাবন্দি অবস্থায় মৃত্যু: ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কারাবন্দি থাকা খাইরুজ্জামাল (৪২) নামে এক বাংলাদেশির মরদেহ মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লালমনিরহাটের বুড়িমারী (চেংড়াবান্ধা) স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় সাড়ে তিন বছর আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন খাইরুজ্জামাল। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন। কারাভোগরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

খাইরুজ্জামালের মৃত্যুর পর তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও জটিল কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। টানা ৩৮ দিনের নিরলস প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দীক জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতেই নিজ গ্রাম কালুডাঙায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।\

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন