ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘুষ নিয়ে দোকানদারকে রেহাই দেওয়ার অভিযোগে ভারতে খাদ্য প্রশাসনের এক কর্মকর্তাকে মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছে ক্ষুব্ধ জনতা। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার একটি পানের দোকান থেকে কেনা স্ন্যাকস খেয়ে দুই বছর বয়সী এক শিশু অসুস্থ হয়ে পড়ে। শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটির আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি সম্ভাজিনগরের এফডিএ কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এফডিএ কর্মকর্তা দোকানটি পরিদর্শনে যান। তবে স্থানীয়দের দাবি, পরিদর্শনের আগেই অসুস্থতার কারণ হিসেবে সন্দেহ করা সেই স্ন্যাকসটি দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছিল।
পরিদর্শনকালে ওই দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেট পান কর্মকর্তা। তবে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হলেও দোকানদারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঘুষ গ্রহণ করে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন ওই কর্মকর্তা।
এই ঘটনায় স্থানীয়দের ক্ষোভ চরম আকার ধারণ করে। তারা ওই কর্মকর্তাকে ঘিরে ধরেন এবং বিস্কুটগুলো যদি খাওয়ার উপযোগীই হয়, তবে তাঁকে সেগুলো খেতে চ্যালেঞ্জ জানান। বিশৃঙ্খলার একপর্যায়ে কয়েকজন ব্যক্তি জোর করে ওই কর্মকর্তার মুখে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য, মহারাষ্ট্র জুড়ে সম্প্রতি খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে রাজ্যটির এফডিএ। এর মধ্যেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে এলো।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন