ভারত

ভারতে খুন নিয়ে গান গাইছিলেন গায়ক, কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরপ্রদেশের শামলী জেলায় অঙ্কিত বালিয়ান (৩৫) নামে হরিয়ানার এক সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি গত মাসে মুক্তি পাওয়া তার 'বেবি বদমাশ' গানের প্রচার করছিলেন। ভিডিওতে তিনি গানের একটি লাইন গেয়ে শোনান, যার অর্থ দাঁড়ায় 'রাস্তায় খুন'। আর এই ভিডিও পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই সত্যিই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গানের কথার সঙ্গে তার এমন নির্মম মৃত্যুর এক অদ্ভুত ও ভয়ংকর মিল পাওয়া গেছে।


পুলিশ জানিয়েছে, গত বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উত্তরপ্রদেশের শামলির কোতোয়ালি এলাকায় একটি জিম থেকে বের হচ্ছিলেন অঙ্কিত। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত হরিয়ানভি সঙ্গীত জগতে বেশ পরিচিত নাম ছিলেন। তার ইউটিউব চ্যানেলে প্রায় ৩ লাখ ৬৮ হাজার এবং ইনস্টাগ্রামে প্রায় ৪ লাখ ৯৭ হাজার অনুসারী রয়েছে। তার গানে প্রায়ই বন্দুক, মারামারি এবং সহিংসতার বিষয়গুলো উঠে আসত। 'ভারী কোর্ট মে গোলি মারেঙ্গে', 'বডি বিল্ডার'-এর মতো বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তার। বুধবার হত্যাকাণ্ডের মাত্র দুই ঘণ্টা আগে তিনি গাড়িতে বসে তার শেষ ইনস্টাগ্রাম ভিডিওটি পোস্ট করেছিলেন। পুলিশ এখন নিবিড়ভাবে তার সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন ও কার্যকলাপ খতিয়ে দেখছে।


এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শামলিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অবরোধ ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে এবং পরিবার তদন্তে সহযোগিতা করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন