চাকরির প্রথম দিনে নতুন কর্মীর কাজে যোগ না দেওয়া বা যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘটনা করপোরেট জগতে নতুন কিছু নয়। তবে রাইড-শেয়ারিং জায়ান্ট উবার-এ ঘটা এমন একটি ঘটনা সাধারণ নিখোঁজ হওয়ার সংজ্ঞাকে ছাড়িয়ে রূপ নিয়েছে এক দুর্ধর্ষ ডিজিটাল চুরিতে। কোম্পানি থেকে দেওয়া একটি দামি ম্যাকবুক ল্যাপটপ নিয়ে সম্পূর্ণ নিখোঁজ হয়ে গেছেন এক নতুন কর্মী।
হায়দরাবাদ ভিত্তিক উবারের প্রিন্সিপাল রিক্রুটার রঘু তেন্নেতি লিঙ্কডইনে এই অদ্ভুত ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়। তিনি জানান, নির্ধারিত দিনে ওই প্রার্থী কাজে যোগ দেননি। পরে কোম্পানি থেকে যোগাযোগের চেষ্টা করা হলে দেখা যায়, নিয়োগ প্রক্রিয়ার সময় দেওয়া তার ফোন নম্বরটি অত্যন্ত অস্বাভাবিক উপায়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ঘটনার রহস্য আরও ঘনীভূত হয় যখন উবারের আইটি বিভাগ ল্যাপটপটির অবস্থান ট্র্যাক করার চেষ্টা করে। তারা দেখতে পায়, ল্যাপটপটি ইতোমধ্যে ‘ফ্যাক্টরি রিসেট’ করা হয়েছে এবং একটি অত্যন্ত সুরক্ষিত এনক্রিপ্টেড প্রক্সির মাধ্যমে সেটি চালানো হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, ট্র্যাকিং সিগন্যালে এমন কিছু ভৌগোলিক স্থানাঙ্ক দেখাচ্ছিল, যার অস্তিত্ব এই পৃথিবীতে থাকা সম্ভব নয়।
পুরো ঘটনাটিকে সাধারণ ফাঁকি দেওয়ার চেয়ে অনেক বড় কিছু আখ্যা দিয়ে ওই রিক্রুটার জানান, লোকটি নিজের সম্পূর্ণ ভুয়া পরিচয় তৈরি করেছিলেন এবং কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট না রেখেই হাওয়া হয়ে গেছেন। তিনি রসিকতা করে লেখেন, ‘একে ঘোস্টিং বলে না, এটা একটা পরিকল্পিত ডাকাতি।’ হলিউড সিনেমার চরিত্র ইথান হান্ট-এর সঙ্গে এই কর্মীর তুলনা করে তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে ব্রো, আপনার দক্ষতার প্রতি সম্মান রইল। তবে আমাদের ল্যাপটপটা দয়া করে ফেরত দিন।’
লিঙ্কডইন পোস্টটি নজর কাড়ার পর নেটিজেনরাও বিনোদন, অবিশ্বাস ও নানা পপ-কালচারের রেফারেন্স টেনে মন্তব্য করছেন। এক ব্যবহারকারী রসিকতা করে লেখেন, উবারের কঠিন ইঞ্জিনিয়ারিং, কোডিং ও এইচআর রাউন্ড পার করে শুধু একটি ল্যাপটপ চুরির জন্য মানুষের ধৈর্য আর নিষ্ঠা এই পর্যায়ে যেতে পারে, তা অবিশ্বাস্য! আরেকজন এটিকে ‘উল্টো রিক্রুটমেন্ট ড্রাইভ’ আখ্যা দিয়ে লেখেন, লোকটি যেন উবারের সিকিউরিটি রেসপন্স পরীক্ষা করে মিশন সফল করে চলে গেছেন। অনেকেই আবার উবারকে বোকা বানানোর এই ঘটনাটিকে নেটফ্লিক্সের থ্রিলার সিরিজের গল্প বা ভিডিও গেমের সাইড মিশনের সঙ্গে তুলনা করেছেন।
সূত্র: নিউজ18
ডিবিসি/এফএইচআর