ভারতের মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দরে একটি বেসরকারি কোম্পানির প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনার কবলে পড়েছে।
রবিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর চত্বরে এই ঘটনা ঘটে। তবে বিমানে থাকা দুই পাইলট সম্পূর্ণ সুরক্ষিত আছেন এবং বিমানটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ সিং গিল জানান, ভিটি-এসইএক্স নামের ওই বিমানটিতে ক্যাপ্টেন চিরাগ শশীকান্ত দোইফোড়ে এবং ক্যাডেট অভিজিৎ জুন্ড্রে প্রশিক্ষণ নিচ্ছিলেন। রানওয়েতে উড্ডয়ন বাতিলের (রিজেক্টেড টেক-অফ) মহড়া চালানোর সময় বিমানটি সম্পূর্ণভাবে থামতে ব্যর্থ হয়। একপর্যায়ে এটি রানওয়ে ২৯-এর নির্ধারিত সীমানা পেরিয়ে ডান দিকে ছিটকে যায়।
উল্লেখ্য, প্রায় সাত মাস আগে গত ২৮ জানুয়ারি এই বারামতি বিমানবন্দরের কাছেই এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন। খারাপ আবহাওয়া ও রানওয়ের ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এরপর গত ১৩ মে এই এলাকার গোজুবাবি গ্রামের কাছে আরও একটি প্রশিক্ষণ বিমান কারিগরি ত্রুটির কারণে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়, তবে সেবারও পাইলট প্রাণে বেঁচে গিয়েছিলেন।
ডিবিসি/আরএসএল