ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) কানওয়ার যাত্রার অংশ হিসেবে একটি মন্দির থেকে প্রার্থনা সেরে বাড়ি ফেরার পথে জলগাঁওয়ের মামুরাবাদ রোডের প্রজা নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ভয়াবহ দুর্ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে. ক্ষুব্ধ জনতা শিশুর মরদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং একপর্যায়ে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্ষুব্ধ জনতার বাধার কারণে দমকল বাহিনী ও পুলিশ প্রথমে আগুন নেভাতে বা ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি।
দুর্ঘটনার পর সামান্য আহত হওয়া ট্রাকচালককে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়, তবে উত্তেজিত জনতা চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে হাসপাতাল ও এর আশপাশে বিক্ষোভ অব্যাহত রাখে। এই চরম উত্তেজনার জেরে মামুরাবাদ রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসভিএন