চলন্ত ট্রেনে প্রসব বেদনা, অথচ হাতের কাছে নেই কোনো চিকিৎসক। রেল স্টেশনে ট্রেন থামিয়েও মেলেনি সময়মতো চিকিৎসা পরিষেবা। এমন এক সংকটকালীন পরিস্থিতিতে দেবদূতের মতো এগিয়ে এলেন মুসলিম দুই নারী সহযাত্রী।
তাদেরই সাহসিকতা ও তৎপরতায় ভারতের দক্ষিণ কন্নড় জেলার বি সি রোড স্টেশনে ট্রেনের শৌচাগারেই এক সুস্থ পুত্রসন্তানের জন্ম দিলেন মহীশূরের এক হিন্দু নারী।
রেল সূত্রে জানা গেছে, রবিবার (২৬ এপ্রিল) মঙ্গলুরু থেকে মহীশূরগামী একটি ট্রেনে সফর করছিলেন ওই অন্তঃসত্ত্বা নারী। ট্রেনটি বান্টওয়াল তালুকের বি সি রোড স্টেশনে পৌঁছালে তার তীব্র প্রসব বেদনা শুরু হয়। তড়িঘড়ি ট্রেনটি সেখানে থামিয়ে দেওয়া হয় এবং রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলে। কিন্তু অভিযোগ, ট্রেন থামার পর প্রায় ৩০ মিনিট অতিবাহিত হয়ে গেলেও কোনো চিকিৎসক সেখানে পৌঁছাতে পারেননি।
চিকিৎসকের অপেক্ষায় বসে না থেকে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ট্রেনেরই দুই নারী সহযাত্রী। ট্রেনের শৌচাগারেই তারা প্রসব করানোর সিদ্ধান্ত নেন। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওই দুই নারী সাহসিকতায় সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পরবর্তীতে রেল পুলিশের সহায়তায় মা ও শিশুকে দ্রুত মঙ্গলুরোর সরকারি লেডি গোশেন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে ওই দুই নারী চমৎকার কাজ করেছেন। প্রসবের সময় কোনো অতিরিক্ত রক্তক্ষরণ বা জটিলতা তৈরি হয়নি। বর্তমানে মা ও শিশু চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শীঘ্রই তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।
জানা গেছে, ওই নারী মহীশূরের বাসিন্দা এবং ঘটনার সময় তিনি নিজের বাড়িতেই ফিরছিলেন। রেলের কামরায় সহযাত্রীদের এমন মানবিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন সকলে।
সূত্র: দ্য ট্রিবিউন
ডিবিসি/এসএফএল