ভারতের ছত্তিশগড়ের সাক্তি জেলায় বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎ কেন্দ্রে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৩ জন শ্রমিক নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বয়লারের সঙ্গে যুক্ত বাষ্পবাহী একটি পাইপ বিস্ফোরিত হওয়ার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সাক্তির পুলিশ সুপার (এসপি) প্রফুল্ল ঠাকুর জানান, সিংঘিতারাই গ্রামে অবস্থিত ওই বিদ্যুৎ কেন্দ্রে দুপুর আড়াইটার দিকে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বয়লার থেকে টারবাইনে উচ্চ-চাপে বাষ্প সরবরাহকারী একটি টিউব ফেটে গেলে কর্মরত শ্রমিকরা মারাত্মকভাবে দগ্ধ হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনের কর্মী এবং পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং জোরদার উদ্ধারকাজ শুরু করে।
ডিবিসি/আরএসএল