ভারতের গুজরাটের ভাদোদরা শহরের উপকণ্ঠে বাসের হাইড্রোলিক দরজায় গলা আটকে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি অটোমোবাইল গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশুর নাম দিব্যেশ রাথওয়া। বাবা-মায়ের সঙ্গে ওই গ্যারেজের পেছনের একটি বাসায় বসবাস করত সে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার আগে শিশুটি গ্যারেজের আশপাশে খেলছিল। অন্য একটি সূত্রের বরাতে জানা গেছে, বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরিবারের খোঁজাখুঁজির একপর্যায়ে গ্যারেজে রাখা একটি বাসের স্বয়ংক্রিয় দরজায় শিশুটির গলা আটকে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। দাঁড়িয়ে থাকা বাসটির হাইড্রোলিক দরজা হঠাৎ বন্ধ হয়ে গেলে শিশুটির ঘাড় সেখানে আটকে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গ্যারেজে উপস্থিত দুজন ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে দরজা ঠেলে খুলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়েছিল।
পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ডিবিসি/এসডব্লিউএন