ভারতের তেলঙ্গানার সূর্যপেট জেলায় একটি নিমগাছ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই সহিংস ঘটনায় দুজন নিহত এবং একজন সাব-ইন্সপেক্টর নবীন কুমার আহত হয়েছেন।
জানা যায়, দুই পরিবারের মধ্যে প্রায় ২৫ বছর ধরে এই বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বাড়ির সীমানার পাশে থাকা একটি নিমগাছ কাটা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
শনিবার সকালে ৬২ বছর বয়সী যাদব শ্রমিকদের গাছ কাটতে নিয়ে গেলে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ ধারালো কুড়াল ও অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় ভুক্যা রামু কুড়াল দিয়ে যাদবকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংঘাতে বাধা দিতে গেলে রামু নিজের বাবা ভুক্যা সাইদাকেও আক্রমণ করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাইদার মৃত্যু হয়।
এই জোড়া খুনের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত গ্রামে পৌঁছায় এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়ার চেষ্টা চালায়।
এদিকে পুলিশি হস্তক্ষেপের সময় সাব-ইন্সপেক্টর নবীন কুমার মাথায় আঘাত পান এবং তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ইতোমধ্যে একটি মামলা রুজু করে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে। প্রধান অভিযুক্ত রামুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
ডিবিসি/এসডব্লিউএন