আনন্দঘন বিয়ের আসর মুহূর্তের মধ্যে পরিণত হলো বিষাদে। ভারতের বিহারের বক্সার জেলায় মালাবদলের ঠিক পরেই কনেকে লক্ষ্য করে গুলি চালাল তার প্রাক্তন প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বক্সারের চৌসা এলাকায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই তরুণী বারাণসীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে চৌসা এলাকায় এক আত্মীয়র বাড়িতে ১৮ বছর বয়সী আরতির বিয়ের আসর বসেছিল। পাত্র ২৩ বছর বয়সী অবিনাশ। মালাবদলের পর যখন চারদিকে উৎসবের আমেজ, তখনই ভিড়ের মধ্যে থেকে আরতির পেটে গুলি চালায় অভিযুক্ত যুবক দিনবন্ধু (২২)।
প্রত্যক্ষদর্শীদের মতে, গুলির আওয়াজ শুনে প্রথমে অনেকেই ভেবেছিলেন আতশবাজি ফাটানো হচ্ছে। কিন্তু আরতি মাটিতে লুটিয়ে পড়লে এবং রক্ত দেখে হুড়োহুড়ি পড়ে যায় অতিথিদের মধ্যে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আরতি ও অবিনাশ মণ্ডপে একে অপরের গলায় মালা দিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই মুহূর্তেই একটি গুলির শব্দ শোনা যায় এবং আর্তনাদ করে ওঠেন কনে। সেই সুযোগে ভিড়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত দিনবন্ধু। কনের স্বামী অবিনাশ দ্রুত আরতিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় বারাণসীতে নিয়ে যান।
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্ত দিনবন্ধু ও আরতির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। আরতির বিয়ে অন্য জায়গায় ঠিক হওয়ায় ক্ষুব্ধ ছিল সে। পুলিশ জানায়, অভিযুক্ত দিনবন্ধুর অপরাধমূলক রেকর্ড রয়েছে, সে ২০২১ সালে মদ পাচারের একটি মামলাতে পুলিশের হাতে ধরা পড়েছিল।
বক্সার পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত দিনবন্ধু পলাতক। তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরতির পরিবারের পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/এসএফএল