ভারতের উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলায় একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা একমাত্র আরোহী, এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আলিগড়ভিত্তিক চেতক অ্যাভিয়েশন একাডেমির সেসনা-১৫২ মডেলের ছোট এই বিমানটি কাসগঞ্জে একটি নির্মাণাধীন মহাসড়কের পাশের মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আঘাত করে। বিমানটিতে ওই নারী পাইলট ছাড়া আর কেউ ছিলেন না। উল্লেখ্য, সেসনা-১৫২ মূলত এক ইঞ্জিনবিশিষ্ট ও দুই আসনের একটি ছোট বিমান, যা বৈমানিকদের প্রশিক্ষণের কাজেই বেশি ব্যবহৃত হয়।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) ইতিমধ্যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সংস্থাটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, চেতক অ্যাভিয়েশনের ওই নারী প্রশিক্ষণার্থী পাইলট একক উড্ডয়নে (সোলো ফ্লাইং) ছিলেন। উড্ডয়নকালে কাসগঞ্জের একটি মাঠে জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে, তবে পাইলট বর্তমানে নিরাপদ ও আশঙ্কামুক্ত রয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/পিআরএএন