আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ ঝড়ে ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরপ্রদেশে বুধবার আঘাত হানা প্রবল ঝড় ও বৃষ্টিতে অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের ভাদোহী, ফতেহপুর ও বুধাউনসহ মোট পাঁচটি বিভাগ এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) এই হতাহতের ঘটনা ঘটে। দুর্যোগের কবলে পড়ে বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ার পাশাপাশি গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহী জেলায়, যেখানে ১৬ জন মারা গেছেন। এছাড়া ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফতেহপুরের খাগা তেহসিলেই প্রাণ হারিয়েছেন ৮ জন, যাদের মধ্যে ৫ জন নারী। অন্যদিকে সদর তেহসিলে একটি বাড়ির দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। ভাদোহীতে আহত ৬ জনের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

 

ঝড়ের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

 

উদ্ভূত পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কাজ পরিচালনার তাগিদ দেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার ঘোষণা দেন। অসময়ের এই বৃষ্টিতে কৃষকদের ফসলের যে ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন