বিহারের একটি স্কুলে মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৪০ জন শিক্ষার্থী। অভিযোগ, খাবারে নুনের বদলে ভুল করে কাপড় কাচার গুঁড়ো সাবান দেওয়া হয়েছিল। ভাত ও সয়াবিনের তরকারির সঙ্গে সেই গুঁড়ো মিশিয়ে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি ও অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়।
মঙ্গলবার বিহারের নালন্দা জেলার পারসি মিডল স্কুলে এ ঘটনা ঘটে। একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। অন্তত ৪০ জন শিক্ষার্থীকে বিহার শরিফ হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুল কর্তৃপক্ষ ঘটনার দায় স্বীকার করে জানিয়েছে, ভুলটি স্কুলের পক্ষ থেকেই হয়েছে। প্রতিদিনের মতো সেদিনও অন্য একটি স্কুল থেকে মিড-ডে মিলের খাবার আসে। খাবার পরিবেশনের পর শিক্ষার্থীরা জানায়, সয়াবিনের তরকারিতে নুন দেওয়া হয়নি। এরপর স্কুল থেকে তাদের খাবারে নুন দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে শুরু করে।
স্কুল সূত্রের দাবি, কোনো এক কর্মী ভুলবশত নুনের পরিবর্তে কাপড় কাচার গুঁড়ো সাবান শিক্ষার্থীদের খাবারে দিয়ে থাকতে পারেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসার পর শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা সবাই এখন আশঙ্কামুক্ত। তবে পর্যবেক্ষণের জন্য বুধবারও তাদের হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবারই হাসপাতালে যান বিহারের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। তিনি অসুস্থ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনাও দেন তিনি।
এদিকে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। মিড-ডে মিল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। তাদের প্রশ্ন, শিক্ষার্থীদের খাবারে নুনের বদলে গুঁড়ো সাবান কীভাবে দেওয়া হলো এবং খাবার রাখার জায়গায় সাবানের প্যাকেটই বা কেন রাখা হয়েছিল?
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে এ ধরনের ভুল ঘটল এবং শিক্ষার্থীদের খাবারের সংরক্ষণস্থলে গুঁড়ো সাবান রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবিসি/ আরএফই