ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন, বসতবাড়ি ও মসজিদ ধ্বংসের প্রতিবাদে পিরোজপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) আসর নামাজের পর জেলা ইমাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন আসরের নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের কৃষ্ণচূড়া মোড়, সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদ মোড়ে এসে শেষ হয়। এই কর্মসূচিতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লির পাশাপাশি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন।
মিছিল শেষে মসজিদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম; মুসলমানরা কখনো অন্যায়ের পক্ষে থাকতে পারে না। ভারতে মুসলিমদের ওপর চলমান এই নির্যাতন ও সহিংসতাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেন তাঁরা। উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কারণে সেখানকার সংখ্যালঘু মুসলমানরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারতে মুসলিম নিধন বন্ধ করতে হবে’ এবং ‘মসজিদ ভাঙার রাজনীতি মানি না, মানব না।’
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, ভারতে ঘটে যাওয়া এসব ঘটনার জেরে পিরোজপুরসহ বাংলাদেশের কোথাও যেন বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কারণ, ইসলাম কখনো নিরপরাধ মানুষের ক্ষতি করার শিক্ষা দেয় না।
ডিবিসি/পিআরএএন