ভারত

ভারতে মৃত বোনের একাউন্টে টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২৬ ০২:০৩:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ওড়িশার কেউনঝড় জেলায় ব্যাংকে থাকা মাত্র ১৯ হাজার ৩০০ টাকা তুলতে নিজের মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে হাজির হয়েছেন এক ব্যক্তি। সোমবার (২৭ এপ্রিল) ডিআনালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা তার বোনের কঙ্কালাবশেষ নিয়ে তিন কিলোমিটার তপ্ত রোদ উপেক্ষা করে হেঁটে ব্যাংকে পৌঁছালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

জানা গেছে, জিতুর বোন কাকরা মুন্ডা দুই মাস আগে মারা যান। তার স্বামী ও একমাত্র সন্তান আগেই মারা যাওয়ায় জিতুই ছিলেন তার একমাত্র নিকটাত্মীয়। মল্লিপাসি এলাকার ওড়িশা গ্রামীণ ব্যাংকে কাকরার অ্যাকাউন্টে থাকা টাকা তুলতে গেলে ব্যাংক ম্যানেজার সাফ জানিয়ে দেন, হয় অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত হতে হবে অথবা বৈধ উত্তরাধিকার সনদ দেখাতে হবে। অশিক্ষিত ও দরিদ্র জিতুর কাছে বোনের মৃত্যু সনদ বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো জটিল কাগজপত্র ছিল না।

 

ব্যাংকের এই অনমনীয় মনোভাব ও আইনি জটিলতায় দিশেহারা হয়ে জিতু গ্রাম্য শ্মশান থেকে বোনের কঙ্কাল খুঁড়ে বের করেন এবং তা কাপড়ে জড়িয়ে ব্যাংকে নিয়ে যান। এই দৃশ্য দেখে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েন এবং ব্যাংকের অমানবিক আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। গ্রামবাসীদের মতে, ব্যাংক কর্তৃপক্ষ চাইলে স্থানীয় সরপঞ্চের মাধ্যমে বিষয়টি যাচাই করতে পারত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিতুকে শান্ত করে এবং মানবিক দিক বিবেচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন