ভারতের কর্ণাটকে হেডলাইট নষ্ট হয়ে যাওয়া একটি বাস শুধুমাত্র মোবাইল ফোনের টর্চের আলো দিয়ে চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ঘুটঘুটে অন্ধকার রাস্তায় বাসের কন্ডাক্টর নিজের মোবাইল ফোনের ক্ষীণ আলো জ্বেলে চালককে পথ দেখতে সাহায্য করছেন এবং সেই সামান্য আলোতেই ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন চালক।
জানা গেছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কল্যাণা কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেকেআরটিসি) একটি বাসে। বাসটি কালাবুরাগী শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত চিঞ্চোলি শহরের উদ্দেশে যাত্রা করছিল। এটি ছিল ওই রুটের ওই দিনের সর্বশেষ বাস পরিষেবা।
যাত্রাপথের ঠিক কোন পর্যায়ে বাসের হেডলাইট কাজ করা বন্ধ করে দিয়েছিল তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে রাতের অন্ধকারে এমন একটি অনিরাপদ পরিস্থিতির মধ্যেই যাত্রীদের বাধ্য হয়ে গন্তব্যের দিকে যাত্রা চালিয়ে যেতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বাস চালানোর ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন