ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় রাতের খাবার খাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিন শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিন শিশুই স্থানীয় বাসিন্দা বালমুকুন্দ কুশওয়াহার কন্যাসন্তান। তারা হলো- পুনম (৭), মনীষা (৩) এবং নয় মাস বয়সী কন্যা চাহত।
পারিবারিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার গ্রহণ করেন। তাদের খাবারের তালিকায় ছিল সাধারণ রুটি ও ঘরে তৈরি বেগুনের ভর্তা।
খাবার খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে শিশুরা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে একে একে তিন শিশুরই মৃত্যু হয়।
তবে মর্মান্তিক এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানা পুলিশ কিংবা স্বাস্থ্য বিভাগকে কোনো তথ্য জানানো হয়নি। কোনো ধরনের আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে শিশুদের মরদেহ সৎকার সম্পন্ন করেন।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের নজরে এলে তারা ঘটনাটি খতিয়ে দেখতে উদ্যোগ নেয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং কোনো ধরনের বিষক্রিয়া ছিল কি না তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাতারপুরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা আর পি গুপ্তা জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সৎকার করা মরদেহ উত্তোলনের পর বিস্তারিত ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
ডিবিসি/এসডব্লিউএন