শিক্ষক দিবসে খাওয়াদাওয়া নিয়ে বেনজির গন্ডগোল স্কুলে। ছাত্রদের মারে মেঝেতে লুটিয়ে পড়লেন প্রধানশিক্ষক। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুলের ঘটনা।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) ছিল শিক্ষক দিবস। তবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সেই উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন মাস্টারমশাইয়েরা। স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের অভিযোগ, তাদের হিসাবেই ধরা হয়নি। প্রথমে এ নিয়ে শিক্ষকদের কাছে ক্ষোভপ্রকাশ করে কয়েক জন পড়ুয়া। সেখান থেকেই কী ভাবে যেন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
শিক্ষকদের অভিযোগ, দশম শ্রেণির একদল ছাত্র প্রধানশিক্ষক ধর্মচাদ বারুইকে মারধর শুরু করে। মারের চোটে কপাল ফাটে প্রধানশিক্ষকের। অচেতন অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। শুধু তা-ই নয়, জখম প্রধানশিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি আটকে দেয় ওই ছাত্রেরা।
শেষমেশ পরিস্থিতি সামাল দিয়ে আহত প্রধানশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর আঘাত কতটা গুরুতর এখনও জানা যায়নি। জলপাইগুড়ি জেলা স্কুলের এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসীরা। কী পরিস্থিতিতে এমন ঘটনা হল, তা নিয়ে কৌতূহলী সকলে। পুলিশ জানিয়েছে, কোন কোন ছাত্র মারধরে জড়়িত, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এমএনকে