আন্তর্জাতিক

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশনে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিশিষ্ট পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের আমরণ অনশন ১৭ দিনে গড়িয়েছে।

ভারতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের প্রতিবাদে ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন। ভারতের তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন ককড়োচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি এই কর্মসূচি পালন করছেন। মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে এই দলটি।

 

রয়টার্সকে সোনম ওয়াংচুক জানান, তিনি কথা বলার মতো অবস্থায় নেই। এর আগে তিনি বলেছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত তার এই অনশন ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে। সিজেপি জানিয়েছে, অনশনের ফলে ওয়াংচুকের ওজন সাড়ে আট কেজি কমে গেছে এবং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।

 

সিজেপি প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ ডিপকে বলেন, আমরা সোনম স্যারকে অনশন প্রত্যাহারের অনুরোধ করছি কিন্তু তিনি অনড়। তিনি আমাদের ২০ জুলাই পার্লামেন্ট অভিযানের প্রস্তুতি নিতে বলেছেন।

 

সোনম ওয়াংচুক একজন প্রকৌশলী থেকে সমাজকর্মী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর একটি কেন্দ্রীয় চরিত্র তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এক্সে এক পোস্টে ওয়াংচুকের জীবনকে সারা বিশ্বের জন্য অমূল্য হিসেবে বর্ণনা করেছেন।


গত মে মাসে ভারতের মেডিকেল কলেজে ভর্তির ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি ব্যাপক জনরোষের সৃষ্টি করে। 

 

প্রায় ২৩ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ভারতের বিশাল তরুণ জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম নিয়ে বাড়ছে ক্ষোভ।২০২৫ সালের সরকারি তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ, যা শহর এলাকায় ১৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।


সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন