আন্তর্জাতিক, ভারত

ভারতে হাসপাতাল থেকে ৪ লাখ রুপির গহনা নিয়ে গেল কুকুর, সিসিটিভিতে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালে চুরি যাওয়া প্রায় চার লাখ রুপির গহনা উদ্ধারে নেমে রীতিমতো হতবাক পুলিশ। তদন্তে নেমে পুলিশ খুঁজে পেল ‘চোর’ কোনো মানুষ নয় বরং একটি কুকুর! মন্দসৌর জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ঘটা এই অদ্ভুত চুরির পুরো ঘটনাটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

জানা যায়, চুরি যাওয়া ব্যাগের মালিক লতাবাই বাল্মীকি নামের এক নারী তার ছেলের চিকিৎসার জন্য ওই হাসপাতালে এসেছিলেন। তার ব্যাগে সোনার মঙ্গলসূত্র, আংটি, কানের দুল, রুপার নূপুরসহ প্রায় চার লাখ টাকা মূল্যের গহনা এবং নগদ দুই হাজার টাকা রাখা ছিল। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তার ব্যাগটি নিখোঁজ হয়ে যায়।

 

সকালে ব্যাগটি না পেয়ে তিনি দ্রুত সিটি কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। গহনার বিপুল মূল্যের কথা বিবেচনা করে পুলিশ অবিলম্বে তদন্ত শুরু করে। এরপর তদন্তকারীরা হাসপাতাল চত্বরে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে অবাক হয়ে যান। ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়, একটি কুকুর সার্জিক্যাল ওয়ার্ড থেকে ওই ব্যাগটি মুখে কামড়ে নিয়ে যাচ্ছে।

 

এরপর পুলিশ অন্যান্য ক্যামেরার ফুটেজ দেখে কুকুরটির গতিবিধি ট্র্যাক করে এবং হাসপাতাল চত্বরেরই একটি খোলা জায়গা থেকে ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়।

 

স্বস্তির বিষয় হলো, ব্যাগের ভেতরের সব গহনা ও টাকা অক্ষত ছিল। পুলিশ জানায়, ব্যাগে বিস্কুট ও অন্যান্য খাবার থাকায় সম্ভবত খাবারের গন্ধেই কুকুরটি সেটি নিয়ে যায়। সোমবার সন্ধ্যায় পুলিশ গহনাগুলো লতাবাইয়ের কাছে হস্তান্তর করেছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন