ভারতের কেরালার এক ব্যক্তি ৩৫ বছর আগে নেওয়া ধারের টাকা শোধ করতে তেলেঙ্গানায় তার পুরোনো বন্ধুর কাছে ছুটে গেছেন। সে সময়ের প্রায় এক হাজার টাকা মূল্যের ধারের বিপরীতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর তিনি ওই বন্ধুকে ২৫ হাজার টাকা ফেরত দিয়েছেন।
জানা যায়, ১৯৯১ সালে সৌদি আরবের আবকাইকে কাজ করার সময় ইসমাইল ও এডলা লাচান্না নামের ওই দুই প্রবাসীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে প্রায় পাঁচ বছর তারা একসঙ্গে থাকতেন। সে সময় ইসমাইল তার বন্ধু লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন, যার তৎকালীন ভারতীয় মূল্য ছিল প্রায় ১ হাজার টাকা। সামর্থ্য হলে টাকাটা ফেরত দেবেন বলে ইসমাইল তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে লাচান্না ভারতে ফিরে আসেন। সে সময় মোবাইল ফোন বা যোগাযোগের সহজ কোনো মাধ্যম না থাকায় ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ধারের টাকার পরিমাণ খুব বেশি না হলেও ইসমাইল তা কখনো ভোলেননি। সম্প্রতি তিনি তার পুরনো বন্ধুকে খুঁজে বের করে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার কাছে লাচান্নার কোনো ফোন নম্বর বা ঠিকানা ছিল না। তার শুধু মনে ছিল লাচান্নার বাড়ি ধর্মপুরীতে। অনলাইনে খোঁজ নিয়ে এবং সেই তথ্যের ওপর ভিত্তি করেই গত ৯ জুলাই তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরীতে পৌঁছান ইসমাইল। সেখানে স্থানীয়দের সহায়তায় অবশেষে তিনি তার পুরোনো সহকর্মীর পরিবারের সন্ধান পান।
লাচান্না বর্তমানে উপসাগরীয় একটি দেশে কর্মরত থাকায় হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দীর্ঘ বছর পর দুই বন্ধুর কথা হয়। এ সময় ইসমাইল লাচান্নার পরিবারের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন। ৩৫ বছর আগের ১২০ রিয়ালের বিপরীতে এত টাকা পেয়ে লাচান্না অবাক হয়ে যান।
ইসমাইলকে একজন অত্যন্ত সৎ ও ভালো মনের মানুষ আখ্যা দিয়ে তিনি জানান, দীর্ঘ সময় পর প্রতিশ্রুতি রক্ষার এই ঘটনা তাদের গভীর বন্ধুত্বেরই প্রতিফলন। লাচান্না ধারণা করছেন, এত বছর পার হয়ে যাওয়ায় ইসমাইল হয়তো মূল টাকার সঙ্গে সুদ যোগ করেই তাকে এই ২৫ হাজার টাকা পরিশোধ করেছেন।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/আরএসএল