ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর রণতরীতে মার্কিন সাবমেরিনের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। শনিবার তিনি স্পষ্ট ভাষায় জানান, আন্তর্জাতিক জলসীমায় এই আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে পার পাবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-র বরাত দিয়ে জানা যায়, গত ৪ মার্চ ভারত মহাসাগরে ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ ওপর অতর্কিত হামলা চালায় একটি মার্কিন সাবমেরিন। ওই সময় রণতরীটি ভারতে অনুষ্ঠিত ‘মিলান ২০২৬’ নৌমহড়া শেষ করে দেশে ফিরছিল।
সেনাপ্রধান আমির হাতামি জানান, এই নৃশংস হামলায় রণতরীতে থাকা ১০৪ জন ইরানি নাবিক নিহত হয়েছেন। তিনি বলেন, “আমাদের এই ১০৪ জন শহীদের রক্ত বৃথা যাবে না। সঠিক সময়ে এই হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেসিসহ প্রায় ১,২০০ মানুষ নিহত হন।
এর প্রতিশোধ হিসেবে ইরান ইতোমধ্যে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ৪ মার্চের এই নৌ-আক্রমণ সেই চলমান সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মোড় দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এখন পর্যন্ত এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারত মহাসাগরে এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ওই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু
ডিবিসি/এসএফএল