আগস্টের শেষ দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফর এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। তবে সিরিজটি নির্ধারিত সময়েই আয়োজনের লক্ষ্যে এবার সরকারি পর্যায়েও তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এ লক্ষ্যে বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য ভারত সফরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বোর্ড সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সফরের বিষয়ে চূড়ান্ত সম্মতি না দেওয়ায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ জোরদারের অনুরোধ জানিয়েছে বিসিবি। সফরটি সফলভাবে আয়োজনের জন্য কূটনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ বলেও মনে করছে বোর্ড।
মূলত এই সিরিজটি ২০২৪ সালেই হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে তা দুই দফা পিছিয়ে যায়। সর্বশেষ সূচি অনুযায়ী, চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের।
গত ২৯ জুলাই বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ প্রকাশ করলেও জানান, বিষয়টি শুধু দুই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। সফরটি বাস্তবায়নে এমন কিছু বিষয় রয়েছে, যেখানে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সব মিলিয়ে ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। তবে নির্ধারিত সময়েই সিরিজ আয়োজন নিশ্চিত করতে বিসিবি যে সরকারি পর্যায়ে সমন্বয় বাড়িয়েছে, সাম্প্রতিক উদ্যোগে সেটিই স্পষ্ট হয়েছে।
ডিবিসি/আরএফই