আন্তর্জাতিক, ভারত

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ দিল্লি বিমানবন্দর, ৯ ফ্লাইটের রুট পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারী বৃষ্টি ও আকস্মিক শক্তিশালী স্কোয়ালের কারণে শুক্রবার বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নয়টি ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিমানবন্দরের প্রবেশপথ ও সামনের অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে চারটি ফ্লাইট জয়পুরে, চারটি লক্ষ্ণৌতে এবং একটি আহমেদাবাদে পাঠানো হয়। লক্ষ্ণৌগামী ফ্লাইটগুলোর মধ্যে ছিল আকাসা এয়ারের বেঙ্গালুরু-দিল্লি ফ্লাইট এবং লুধিয়ানা, ইন্দোর ও হায়দরাবাদ থেকে আসা এয়ার ইন্ডিয়ার তিনটি ফ্লাইট।


ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, পালাম বিমানবন্দরে বিকেল ৩টা ৩৭ মিনিট থেকে ৩টা ৩৯ মিনিট পর্যন্ত একটি স্কোয়াল রেকর্ড করা হয়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিলোমিটার এবং দৃশ্যমানতা কমে ৬০০ মিটারে নেমে আসে। দুই মিনিটের ওই ঘটনায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।


পালামে বিকেল আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিন ঘণ্টায় ৭২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ওই সময়ে দিল্লির সর্বোচ্চ। নারাইনায় ৫৪ মিলিমিটার, জনকপুরীতে ৪৮.৫, লোধি রোডে ৩৪.৬ এবং সফদরজঙ্গে ৩২.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।


আইএমডি শুক্রবার দিল্লি-এনসিআরের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির ‘রেড ওয়ার্নিং’ জারি করেছে। শনিবারও হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে।


সূত্র: ইন্ডিয়া টুডে


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন