ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ভালোবাসার নেই কোনো সময়, নেই কোনো দিন। ভালোবাসা বিরাজ করে সর্বত্র সবসময়। ভালোবাসতে যদিও প্রয়োজন নেই কোনো নির্দিষ্ট দিনের, তবুও প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় ভালোবাসা দিবস। এ দিন বিশেষভাবে ভালোবাসা উদযাপনের দিন, আনন্দের দিন।
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে এবার। সেই সঙ্গে ঋতুরাজের হাত ধরে এবারও এসেছে ভালোবাসার বিশেষ দিনটি। একদিকে বাসন্তী রঙ, অন্যদিকে ভালোবাসার রঙের জোয়ারে প্রকৃতি একাকার আজ।
ফাগুনের আগুনে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে আজ। বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল অথবা রিং জড়িয়ে আজ বেরিয়ে পড়বেন তরুণীর দল। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সাজবেন তারাও। তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইন, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।
বেশ কয়েক বছর ধরেই ঋতুরাজের হাত ধরে আসছে ভালোবাসার দিন। যদিও ভালোবাসা ক্ষণিকের নয়, চিরন্তন। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার নয়, শুধু স্বামী-স্ত্রীর নয়, এ ভালোবাসা বয়সের ফ্রেমে বাঁধা নয়, এটা প্রসারিত হয় বন্ধু-বান্ধব, পরিচিতজনসহ সবার মাঝে। খ্রিষ্টিয় বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা দিবস হিসেবে পরিচিত সারা বিশ্বে। বাংলাদেশেও দিবসটি ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে।
বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা নানাবৈচিত্রতার সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করে থাকেন। দিনটি স্বরণীয় করে রাখতে কিংবা ভালোবাসার মানুষকে খুশি করতে একে অপরকে দিতে পারেন উপহারসামগ্রী। কী রাখা যায় উপহারের তালিকায়? সে বিষয়ই থাকছে আজকের লেখায়।
বই: আপনার সঙ্গী যদি হয় বইপড়ুয়া, তবে উপহার হিসেবে বই রাখতে পারেন। তবে খেয়াল রাখুন আপনার সঙ্গী ঠিক কী ধরনের বই পড়তে পছন্দ করেন। প্রয়োজনে তার পছন্দের লেখক ও বইয়ের তালিকা জেনে নিন কৌশলে। ঢাকায় অবস্থান করলে বইমেলায় নিয়ে যেতে ভুলবেন না। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় বইমেলায় ঘোরাঘুরির কোনো এক ফাঁকে তার হাতে তুলে দিন তার পছন্দের বই। সঙ্গে যুক্ত করতে পারেন ছোট ডায়েরি।
ইলেকট্রনিকস সামগ্রী: বর্তমানে হাতের নাগালেই হরেক রকমের শৌখিন ইলেকট্রনিকস সামগ্রী পাওয়া যায়। যেমন- রুম আলোকসজ্জার ফুল, ডিজিটাল ঘড়ি, অ্যালার্ম মেশিন, পালস্ পরিমাপ করার মেশিন, দেয়াল ঘড়ি, স্মার্ট ফোন ইত্যাদি। তার প্রয়োজনানুযায়ী পছন্দের ইলেকট্রনিকস পণ্যটি উপহার দিয়ে চমকে দিন আপনার সঙ্গীকে।
ইনডোর প্লান্ট: ইনডোর প্লান্ট হাল সময়ে যেমন জনপ্রিয় তেমন উপকারী। বাজারে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট পাওয়া যায়। তন্মধ্যে মানিপ্লান্ট, লাকি ব্যাম্বু, পিস লিলি, ফার্ন স্নেক প্ল্যান্ট, ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ। বাজেট ও পছন্দ অনুযায়ী সঙ্গীকে উপহার দিতে পারেন যেকোনো ইনডোর প্লান্ট। এসব ইনডোর প্লান্টের নানা ধরনের উপকারিতা ও গুণ রয়েছে।
পোষা প্রাণি
সে কি পোষা প্রাণি পছন্দ করে? তার বাড়িতে কি কখনও বিড়াল পোষার ইচ্ছা পোষণ করেছে কিংবা কবুতর? অনেকেরই এক্ষেত্রে দুর্বলতা থাকে। তার সেরকমটা রয়েছে কি না সেদিকে খেয়াল করুন। তার পছন্দের পোষা প্রাণিটি উপহার দিতে পারেন বিশেষ এই দিনে। এতে তার দিনটি আরও স্মৃতিময় হয়ে থাকবে।
পোশাক ও গয়না: উপহারের তালিকায় রাখতে পারেন পোশাক ও গয়না। সঙ্গীর প্রয়োজন ও শখ জেনে পূর্বেই কিনে রাখতে পারেন মানানসই পোশাক। তবে খেয়াল রাখুন বাজেটের দিকেও। গয়নার তালিকায় রাখতে পারেন চুড়ি, গলার হার, টিপ, পায়ের পায়েল, কানের দুল, নাকফুল ইত্যাদি।
সুন্দর কিছু মুহূর্ত
আর কিছু না দিতে পারলেও তাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিন। দু’জনে কিছুটা সময় পাশাপাশি বসে কাটাতে পারেন। কোনো সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারেন কিংবা পছন্দের কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। কোন কাজটি আপনাদের জন্য আনন্দদায়ক, তা খুঁজে বের করুন। দু’জনে পাশাপাশি সুন্দর কিছু মুহূর্ত কাটান।
ডিবিসি/আরপিকে