বিশিষ্ট ভাষাবিদ, বৈয়াকরণিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহজাহান মনির চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৪ জুন সকাল ৬টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ বাদ জোহর চট্টগ্রামের মীর্জাপুল রোডের পাঁচলাইশ বড় মসজিদে অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. শাহজাহান মনির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ছিলেন। বাংলাদেশের স্কুলপর্যায়ে তাঁর রচিত ও সম্পাদিত একাধিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই ব্যাপকভাবে পঠিত ও সমাদৃত।
তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে অন্যতম- ‘সরল বাংলা ব্যাকরণ ও নির্মিতি’, ‘সহজ বাংলা ব্যাকরণ ও নির্মিতি’, ‘নতুন বাংলা ব্যাকরণ ও নির্মিতি’, ‘প্রাথমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ এবং ‘বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা (১৯১৯-১৯৪০)’।
এই গুণী শিক্ষাবিদ ১৯৪৫ সালে কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে অনন্য গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের শিক্ষাঙ্গন ও সাহিত্য মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/এমএনকে