বাংলাদেশ, রাজধানী

ভাড়াবাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম শারমিন। তিনি জাবির লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ইসলামনগর এলাকার ওই বাসায় স্বামী ফাহিম আল হাসানের সাথে ভাড়ায় থাকতেন শারমিন। রবিবার (১৫ মার্চ) বিকেলে মাথায় আঘাতপ্রাপ্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্বামী ফাহিম আল হাসানের ভাষ্যমতে, তিনি বেলা ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে এসে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ রয়েছে। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান শারমিন মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সে সময় তার কোনো সাড়াশব্দ বা জ্ঞান ছিল না। পরবর্তীতে বাড়িওয়ালাসহ অন্যদের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান তিনি।

 

বাড়িওয়ালা ও প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর আজ ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল। সকালে স্বামী ফাহিমকে বাসা থেকে বেরিয়ে যেতে দেখেন তারা। পরে দুপুরে ফিরে এসে তিনি দরজায় ডাকাডাকি করলে বাড়িওয়ালা এগিয়ে যান। ঘরের ভেতর ঢুকে শারমিনকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিকেলে শারমিনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয় এবং পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন