চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয়ে মো. ইয়াছিন আরহাম রামীম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
নিহত ইয়াছিন আরহাম রামীম সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়া এলাকার ইউছুপ তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছেলে। সে স্থানীয় বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নিজ বাড়ির উঠানে অন্যান্য দিনের মতোই খেলাধুলা করছিল শিশু রামীম। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে সারা শরীরে কামড়াতে থাকে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে গভীর রাত আনুমানিক তিনটার দিকে সে মৃত্যুবরণ করে।
নিহতের চাচা মো. কুতুব উদ্দিন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘ভিমরুলের কামড়ের পরপরই রামীমকে হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।’
তিনি আরও জানান, রামীমের বাবা খোরশেদ আলম বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। ছেলের এমন মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি দেশে পৌঁছানোর পর পরিবারের সবার সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।
শিশু রামীমের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/এমএনকে