খেলাধুলা, ফুটবল

ভিয়েতনামের কাছে তিন গোলে হারল বাংলাদেশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুরুর একাদশে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো প্রায় সব তারকা ফুটবলারকে নিয়ে শক্তিশালী দল সাজালেও স্বাগতিক ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৩ নম্বরে থাকা ভিয়েতনামের চেয়ে ৭৮ ধাপ পিছিয়ে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ মাঠের খেলায় শক্তিমত্তার সেই পার্থক্যটাই যেন প্রমাণ করেছে।

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ে ভিয়েতনামের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। 

 

ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এই অর্ধে স্বাগতিকদের বিপক্ষে পাত্তাই পায়নি তারা। প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক খেলে মাঝেমধ্যে প্রতি আক্রমণে গিয়ে কয়েকটি শট নিলেও তা জালের দেখা পায়নি। উল্টো ম্যাচের অষ্টম মিনিটেই রক্ষণভাগের ভুলে পিছিয়ে পড়ে দল। প্রতিপক্ষের একটি কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হন লেফট-ব্যাক জায়ান আহমেদ, ফলে বল তার শরীর ছুঁয়ে নিজেদের জালেই জড়ায়। এই ধাক্কা সামলে ওঠার আগেই ১৮তম মিনিটে পাম জুয়ান মান গোল করে ভিয়েতনামের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩৮তম মিনিটে গুয়েন হেই লং গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গেলেও প্রথমার্ধে হজম করা ওই তিন গোলের কারণেই শেষ পর্যন্ত তাদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন