ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাউ প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত এবং আরও চারজন নিখোঁজ হয়েছেন। টানা কয়েক দিনের ভারি বৃষ্টির পর শুক্রবার ভোরে মুয়ং থান গ্রামে এই পাহাড়ি ঢলের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় অঞ্চলের সড়ক, বিদ্যুৎ অবকাঠামো ও শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২৩৮ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।
সংস্থাটি সতর্ক করেছে, শনিবার উত্তর ভিয়েতনামের কয়েকটি এলাকায় ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে নতুন করে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল