ফুটবল প্রতিযোগিতাগুলোর একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনার বিষয়ে নিজের ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে মরক্কোয় অনুষ্ঠিত এক বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় তিনি ফিফা সভাপতির পদেই বহাল থাকছেন।
বাতিল হওয়া ওই প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনার মুখে বুধবার রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের জরুরি তলব করেন ইনফান্তিনো। বৈঠক শেষ হওয়ার চার ঘণ্টা পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে তাকে সমর্থন জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়।
এর আগে গত সপ্তাহান্তে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের ওই প্রস্তাবকে তারা একটি ‘বাজে, অস্বচ্ছ ও পেছনের দরজার গোপন চুক্তি’ বলে আখ্যা দেয়। ফিফার ভেতর থেকেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যার মধ্যে ছিলেন খোদ ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম (যিনি বুধবারের বৈঠকেও উপস্থিত ছিলেন)। মঙ্গলবার ফিফা কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে গ্রাফস্ট্রোম এই পরিস্থিতিকে ‘দুঃখজনক ও নিন্দনীয় ঘটনাপ্রবাহ’ বলে উল্লেখ করেছিলেন।
তবে বুধবারের বৈঠকের পর এক বিবৃতিতে গ্রাফস্ট্রোম ও ব্যবস্থাপনা পর্ষদ ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেন। বিবিসি’র হাতে আসা একটি চিঠিতে দেখা গেছে, ইনফান্তিনো এবং গ্রাফস্ট্রোম ফিফার সহ-সভাপতি, কাউন্সিল এবং ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের কাছে একটি যৌথ স্বাক্ষরিত চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা নিজেদের ভুলের জন্য ‘আন্তরিকভাবে ক্ষমা’ চেয়েছেন এবং এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকের পর রাবাতে উইমেন্স আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচে তাদের দুজনকে একসঙ্গে উপস্থিত থাকতেও দেখা যায়।
মূলত নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এফএফই-এর মাধ্যমে পুরুষ ও নারী বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের প্রস্তাবে সমর্থন দিলে ইনফান্তিনো সব সদস্য অ্যাসোসিয়েশনকে চার কোটি ডলার (তিন কোটি পাউন্ড) করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ফিফা জানিয়েছে, বুধবারের বৈঠকে এফএফই সংক্রান্ত ‘ভুলগুলো’ স্বীকার করা হয়েছে। সংস্থাটি জানায়, ফিফা কাউন্সিল এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া তাদের উদ্দেশ্য ছিল না এবং পুরো প্রক্রিয়াটি অন্যভাবে পরিচালনা করা উচিত ছিল।
গত ২৮ জুলাই দ্য টাইমস পত্রিকায় ইনফান্তিনোর এই পরিকল্পনার খবরটি ফাঁস হওয়ার পর যেসব ত্রুটি হয়েছে, তা-ও ফিফা স্বীকার করেছে। তবে সংস্থাটির বিবৃতিতে কঠোরভাবে বলা হয়েছে, ফিফার সততা, সুশাসন এবং যথাযথ প্রক্রিয়ার ওপর কোনো ধরনের আক্রমণ আর সহ্য করা হবে না এবং নিজেদের নাম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দ্য টাইমসের আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, সমর্থন পাওয়ার বিনিময়ে ইনফান্তিনো মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ফিফা এই দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে নাকচ করে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, স্পেন ও পর্তুগালের পাশাপাশি টুর্নামেন্টের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে ‘যথাযথ সময়ে’ সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: বিবিসি
ডিবিসি/পিআরএএন