বিবিধ, লাইফস্টাইল

ভুল খাবারে শুক্রাণুর সর্বনাশ, পুরুষের বন্ধ্যাত্ব

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে ডিসেম্বর ২০২১ ১২:৪৫:২৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্রাণুর সংখ্যা কি আপনার পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে? বর্তমানে ব্যস্ত জীবনযাত্রায়, অনিয়মিত ডায়েট এবং স্ট্রেসের কারণে এটি খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিন্তার বিষয় হল, এই সমস্যা দিন দিন আরও বাড়ছে।

পরিসংখ্যান বলছে, বিগত চল্লিশ বছরে বিশ্বে পুরুষদের শুক্রাণুর পরিমাণ হ্রাস পেয়েছে গড়ে ৫৯ শতাংশ। আর এই পরিসংখ্যান শুধু পুরুষ নয়, গোটা মানব সমাজেরই মাথাব্যথার কারণ হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

এর কারণ ঠিক কী তা নিয়ে বিতর্ক থাকলেও, খাদ্যাভ্যাস যে এর পিছনে বড় ভূমিকা নিচ্ছে তা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। দেখে নিন, কী কী খাবার পাতে থাকলে বাড়ে পুরুষদের বন্ধ্যাত্বের আশঙ্কা—

১। প্রক্রিয়াজাত মাংস
বিশেষজ্ঞদের মতে, প্রক্রিয়াজাত মাংস শুক্রাণুর পরিমাণ হ্রাসের অন্যতম প্রধান কারণ। বেকন, সালামি থেকে হটডগ, বার্গার- যে যে খাদ্যে এই ধরনের মাংস ব্যবহৃত হয় তাদের উপর করা একটি সমীক্ষা স্পষ্ট জানিয়েছে এই তথ্য।

বিশেষত রেড মিট এই ঘটনার জন্য দায়ী। মুরগির মাংসে অবশ্য এ রকম কোনও ফল দেখা যায়নি। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটে, তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা।

২। অতিরিক্ত স্নেহজাতীয় পদার্থযুক্ত দুগ্ধজাত পদার্থ
বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য গবাদি পশুদের স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে। এর প্রভাব পরে দুধেও। এই ধরনের গবাদি পশুর দুধে স্নেহজাতীয় পদার্থ থাকে অনেক বেশি। সম্প্রতি ১৮ থেকে ২২ বছর বয়সি যুবকদের উপর করা একটি সমীক্ষা বলছে, এই ধরনের দুধ ও দুগ্ধজাত খাদ্য খেলে শুক্রাণুর চলাচল, গতি ও আকৃতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

অন্যদিকে, পরিসংখ্যান আরও বলছে, ৩০-৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য দায়ী পুরুষেরাই। এর চিকিত্সা অবশ্যই আছে, তবে তা বেশ ব্যয়সাপেক্ষ। তাহলে উপায়? শুক্রাণু বাড়াতে ডায়েটে রাখুন এই খাবারগুলো, তাতে ভালো ফল পাবেন।

পালং শাক
শরীরে ফোলেটের মাত্রা কমতে থাকলে শুক্রাণুর সংখ্যাও কমতে থাকে। বিশেষজ্ঞদের (নিউট্রিশনিস্ট) মতে, পালং শাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৯ রয়েছে। সক্রিয় শুক্রাণুর জন্য এই ভিটামিন বি-৯ খুবই জরুরি। এটি শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

ডিম
বন্ধ্যাত্ব কাটাতে বা শুক্রাণুর সংখ্যা বাড়াতে ডিম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-ই যা শুধু শুক্রাণুর সংখ্যা এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, রোজ সেদ্ধ ডিম খেতে পারলে শুক্রাণুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

ব্রোকোলি
ব্রোকোলিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৯। এটি শুক্রাণুর কর্মক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্রোকোলি খেলে স্পার্ম (শুক্রাণু) কাউন্ট প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পায়।

রসুন
শুক্রাণুর সংখ্যা এবং কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে রসুন অত্যন্ত কার্যকরী। রসুনে রয়েছে ভিটামিন বি-৬ ও সেলেনিয়াম। এই উপাদানগুলি পুরুষদের উর্বরতা বাড়াতে সাহায্য করে।

কলা
বিশেষজ্ঞদের মতে, পুরুষদের উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য কলা অত্যন্ত কার্যকরী। কলায় রয়েছে ভিটামিন সি আর ভিটামিন বি-১ যা শুক্রাণুর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

ডার্ক চকোলেট
শুক্রাণুর কর্মক্ষমতা বাড়াতে ডার্ক চকোলেট খুবই কার্যকরী। ডার্ক চকোলেটে রয়েছে এল-আর্জিনিন এইচসিএল যা শুক্রাণুর সংখ্যা দ্রুত বাড়াতে সাহায্য করে।

পুরুষদের বন্ধ্যাত্ব শনাক্তকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীর পরিপূর্ণ তথ্য ও ইতিহাস জানা। অনেক ক্ষেত্রে চিকিৎসকের কাছে তথ্য গোপন করা হয়। অন্য কোনো শারীরিক সমস্যা, সংক্রমণ, ধূমপান ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার এবং পরিবেশের নানাবিধ দূষণও এর জন্য দায়ী হতে পারে। 

আরও পড়ুন