উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার সময় ভয়াবহ মানবিক বিপর্যয়ে ১২ জনের প্রাণ হারানোর ঘটনায় চার মানব পাচারকারীর নামোল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় মামলাটি দায়ের করা হয়। অভিবাসনপ্রত্যাশী নিহতদের মধ্যে দিরাই উপজেলার জগদল গ্রামের সোহানুর রহমান অন্যতম; তাঁর বাবা ছালিকুর রহমান এই মামলার বাদী হয়েছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে নৌকার মধ্যেই তাঁরা প্রাণ হারান। পরে তাঁদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ জন, দোয়ারাবাজারের ১ জন এবং জগন্নাথপুরের ৫ জন রয়েছেন।
ডিবিসি/কেএলডি