আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় নিখোঁজদের উদ্ধারে ছুটছে যুক্তরাষ্ট্র-ফ্রান্সসহ অন্যরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ৪,৩০০ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কায় নিখোঁজদের সন্ধানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ডোমিনিকান রিপাবলিকসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ভেনেজুয়েলার দিকে ছুটে যাচ্ছে।

বুধবার শেষ বিকালের এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, রাজধানী কারাকাসের নিকটবর্তী প্রধান প্রবেশদ্বার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি কারাকাস থেকে এক হাজার মাইলেরও বেশি দক্ষিণে ব্রাজিলের মানাউস শহরেও কম্পন অনুভূত হয় এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

 

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই বিপর্যয়কে চরম মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলকে 'দুর্যোগপূর্ণ এলাকা' হিসেবে ঘোষণা করেছেন। আকাশ থেকে ধারণ করা দৃশ্যে ক্যারিবীয় সৈকত সংলগ্ন শহর ও রিসোর্টগুলোকে পুরোপুরি ধ্বংসস্তূপ বলে মনে হচ্ছে।

 

জাতিসংঘের তথ্যমতে, শুধু লা গুয়াইরা অঞ্চলেই ১০০টিরও বেশি ভবন ধসে পড়েছে। এর মধ্যে রিতাসোল প্যালেস নামের একটি বহুতল ভবন ও সমুদ্রতীরবর্তী এদুয়ার্দ'স হোটেলও রয়েছে। কাতিয়া লা মার এবং কারাবাইয়েদা শহরে সারি সারি ভবন মাটির সাথে মিশে যাওয়ায় নিখোঁজদের খোঁজে স্বজনরা হাহাকার করছেন; কিছু ক্ষেত্রে চার-পাঁচ জনের পুরো পরিবারই নিখোঁজ রয়েছে।

 

উদ্ধারকাজের প্রথম ৭২টি 'সোনালী ঘণ্টা' অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ উদ্ধারকাজে সরাসরি সহায়তা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ত্রাণ কার্যক্রম সহজ করতে মার্কিন ট্রেজারি বিভাগ ২৩ অক্টোবর পর্যন্ত দেশটির ওপর থাকা কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করেছে।

 

পাশাপাশি, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ৮৫ জন বিশেষায়িত ফরাসি উদ্ধারকর্মীর একটি দল পাঠানোর কথা জানিয়েছেন এবং ডোমিনিকান রিপাবলিক থেকে প্রথম আন্তর্জাতিক উদ্ধারকারী দলটি সবার আগে পৌঁছাচ্ছে। এছাড়া ব্রাজিল, মেক্সিকো, স্পেন, পর্তুগাল, কানাডা এবং কাতারও সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। উদ্ধারকাজে গতি আনতে ভারী নির্মাণ সরঞ্জাম সরবরাহ করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেলসি রদ্রিগেজ।

 

বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মহলের এই স্বতঃস্ফূর্ত সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, এই কঠিন সময়ে বিশ্ববাসীর বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত ভেনেজুয়েলা কখনো ভুলবে না।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন