আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই দুর্যোগের পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং দেশজুড়ে মোতায়েন করা হয়েছে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী। ভেনেজুয়েলার সরকার গতকাল বৃহস্পতিবার হালনাগাদ তথ্যে ১৮৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে বিপুল মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ গতকাল ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্যে জানান, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬৪ থেকে বেড়ে ১৮৮ জনে এবং আহতের সংখ্যা প্রায় ১ হাজার থেকে বেড়ে ১ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২০০ জন বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে এবং ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

 

স্থানীয় সময় গত বুধবার বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে ইয়ারাকুই রাজ্যের রাজধানী সান ফেলিপের কাছে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, যার তীব্রতা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর একই রাজ্যে ৭ দশমিক ৫ তীব্রতার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহরের প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ইউএসজিএসের তথ্যমতে, এটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর রাতভর আরও বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। এদিকে উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা শুরু করেছেন এবং নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতাল, উদ্ধারকেন্দ্র ও ধ্বংসস্তূপের আশপাশে ভিড় করছেন অসংখ্য মানুষ। আহত ব্যক্তিদের অনেককে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা গেছে। তবে বিবিসির খবরে বলা হয়েছে যে উদ্ধার তৎপরতা বেশ ধীর এবং অসংখ্য মানুষ ধসে পড়া ভবনের মধ্যে আটকা পড়ে থাকলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের উদ্ধারে কেউ আসছেন না। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরার বাসিন্দা ৪৯ বছর বয়সী ল্যারি রোজাসের পরিবারের সদস্যরা ধসে পড়া ভবনে আটকা পড়েছেন এবং সেই ভবনের সামনে দাঁড়িয়ে তিনি জানান যে এই মুহূর্তে তাঁদের কাছে কিছুই নেই এবং ভেতরে যাওয়ার মতো শক্তি বা সাহসও তাঁদের নেই।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন