আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন হামলার বিরুদ্ধে ৬ দেশের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৫ই জানুয়ারী ২০২৬ ১০:১৬:৫২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের একপাক্ষিক সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে স্পেন এবং লাতিন আমেরিকার পাঁচটি দেশ।

রবিবার এক যৌথ বিবৃতিতে স্পেন, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো এবং উরুগুয়ে এই গভীর উদ্বেগ প্রকাশ করে।

 

বিবৃতিতে দেশগুলো জানায়, ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ জাতিসংঘের সনদে বর্ণিত আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি, বিশেষ করে শক্তি প্রয়োগ না করা এবং কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধার পরিপন্থী।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প এবং ঘোষণা দেন, একটি গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা শাসন করবে।

 

বর্তমানে মাদুরো দম্পতিকে নিউইয়র্কের ব্রুকলিনে একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক পাচার ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

 

যৌথ বিবৃতিতে দেশগুলো ট্রাম্পের এই দেশ পরিচালনার ঘোষণারও কড়া সমালোচনা করেছে। তারা ভেনেজুয়েলার প্রাকৃতিক বা কৌশলগত সম্পদের ওপর যেকোনো ধরনের বাহ্যিক নিয়ন্ত্রণ বা দখলের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে বলেছে, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

 

বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পরিস্থিতি শান্ত করতে এবং আঞ্চলিক শান্তি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এই ছয়টি দেশ জোর দিয়ে বলেছে, ভেনেজুয়েলার সংকট শুধুমাত্র শান্তিপূর্ণ উপায়ে, আলোচনার মাধ্যমে এবং ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে সমাধান করতে হবে; কোনোভাবেই বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

 

তথ্যসূত্র টিআরটি ওয়াল্ড

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন