ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার এই ভূমিকম্প দুটি ছিল গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় ঘটে যাওয়া অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এর তীব্রতা সমগ্র অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। অসংখ্য ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন।
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যে ধুলোবালি মাখা শরীর নিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা তিন শিশুকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।
উপদ্রুত এলাকাগুলোতে বর্তমানে জরুরি উদ্ধার অভিযান চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল