ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসের বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় ২২:০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথম ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন এই বিজ্ঞান সংস্থাটি জানিয়েছে, এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং উচ্চ হতাহতের সম্ভাবনা রয়েছে। বারিনাস রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি উইলমার আজুয়াহের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ফুটেজে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধ্বংসাবশেষ ভেঙে পড়তে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা গেছে। কারাকাসের ৫৪ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা ওদালিস এসকালোনা জানান, ভূমিকম্পের সময় সিঁড়িগুলো আলাদা হয়ে যাচ্ছিল এবং পুরো দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। উপরন্তু ছাদ থেকে জিনিসপত্র ভেঙে পড়ছিল, যা ছিল অত্যন্ত ভয়ানক।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর