জাতীয়

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনায় জামায়াতসহ বিভিন্ন দল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৯ই ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৪:০২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সংক্রান্ত এক বিবৃতিতে বলেন, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা সৃষ্টি করতে পারে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা সৃষ্টি করতে পারে। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

 

ইসির এই নির্দেশনাকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল’ বলে সমালোচনা করেছেন জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

 

তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়।

 

ইসির এই নির্দেশের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অনেকেই এই সিদ্ধান্তের নিন্দা প্রকাশ করার পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। 

 

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা বাস্তবায়নের নির্দেশনা দিয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন