কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মিয়া (৩০) নামের এক যুবক প্রাণ হারিয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেচর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ইমন মিয়া শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেচর গ্রামের ব্যাপারী বাড়ির মেরাজ মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার রাত ১২টায় জাহিদ মিয়ার মালিকানাধীন অটোরিকশা গ্যারেজের ভেতরে ধোঁয়া দেখতে পান ইমন মিয়া। তাৎক্ষণিকভাবে তিনি গ্যারেজ মালিককে বিষয়টি অবগত করেন।
পরে গ্যারেজ মালিক দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইমনও তাকে সহায়তার জন্য দ্রুত ভেতরে ঢোকেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরপিডি