বাংলাদেশ, জেলার সংবাদ

ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের সংঘর্ষ, আহত অন্তত ৩০

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে এই সংঘাত সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বধুনগর গ্রামের 'নবাব বাড়ি'র জনৈক ব্যক্তির গাছ থেকে আম পাড়তে যায় পার্শ্ববর্তী 'ফর্সা বাড়ি'র কয়েকজন কিশোর। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাড়ির বড়দের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখম হওয়া মিজান মিয়া ও চাঁন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন