বাংলাদেশ, জেলার সংবাদ

ভৈরবে চলন্ত ট্রেনের নিচ থেকে সন্তানকে বাচালেন বাবা

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এক রোমহর্ষক ও অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন শত শত যাত্রী। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিচে ঝাঁপিয়ে পড়েও আটটি বগির নিচ থেকে অক্ষত অবস্থায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক বাবা ও তার এক বছরের শিশু সন্তান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ভৈরব স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি স্টেশন ছেড়ে দেওয়ার সময় কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের এক দম্পতি শিশু সন্তানসহ নামার চেষ্টা করেন। 

 

নামার মুহূর্তে বাবার হাত ফসকে শিশুটি ট্রেনের নিচে পড়ে গেলে মুহূর্তের সিদ্ধান্তে বাবাও নিচে লাফিয়ে পড়েন। তিনি দ্রুত সন্তানকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের পাশ ঘেঁষে নিথর হয়ে শুয়ে থাকেন। চোখের সামনে দিয়ে ট্রেনের আটটি বগি চলে গেলেও প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের চরম আতঙ্ক ও চিৎকারের মধ্যে তারা দুজনেই বড় কোনো আঘাত ছাড়াই প্রাণে বেঁচে যান।

 

ট্রেনটি চলে যাওয়ার পর উপস্থিত জনতা তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে সৃষ্টিকর্তার এক অশেষ কৃপা ও মিরাকল হিসেবে অভিহিত করেছেন। ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। একইসাথে তিনি চলন্ত ট্রেনে ওঠানামা করার ঝুঁকি সম্পর্কে যাত্রীদের সতর্ক থাকার এবং নিরাপদ ভ্রমণের জন্য সর্বদা সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন