কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক মো. মিরাজ (৪১) নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোররাত আনুমানিক ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান।
নিহত চালক মো. মিরাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২৩-১২০১) এবং ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৭৬৬১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার সংবাদ পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
ডিবিসি/কেএলডি