কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জীদনি সায়হাম (৩৫) নামে এক যুবক ও সৈয়দ বানু (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে মশক নিধনে অবহেলার অভিযোগে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা যায়, ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জি এম ইস্পাহানি মিয়ার ছেলে জীদনি সায়হাম তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। শরীরে প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। এর আগে একই এলাকার বাসিন্দা সৈয়দ বানু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে এলাকায় একের পর এক ডেঙ্গুতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের অবহেলা ও মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।